খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই মে ২০২৬, ১:৪৪ এএম

বিশেষ প্রতিনিধি ॥ “আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (১০ মে) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত পরবর্তী বিশেষ কল্যাণ সভায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ ইউনিটের সাথে মতবিনিময় করেন।
কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়ালি সরাসরি যুক্ত ছিলেন কুষ্টিয়ার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। কুষ্টিয়া থেকে এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স। এছাড়াও জেলার অন্যান্য পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই সময় উপস্থিত ছিলেন।
এদিকে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে কুষ্টিয়া পুলিশ লাইন্সে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। দুপুর ১টায় অনুষ্ঠিত এই প্রীতিভোজে জেলা পুলিশের সকল স্তরের সদস্য ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনটি পালন করে কুষ্টিয়া জেলা পুলিশ। উল্লেখ্য, এবারের পুলিশ সপ্তাহে আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন, যা জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য