কুষ্টিয়ায় আন্তঃবার বারখাদা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আন্তঃবার বারখাদা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আন্তঃবার বারখাদা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পূরস্কার বিতরণী উপলক্ষে, গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের বারখাদা স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন ও সঞ্চালনা করেন জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন। এতে সভাপতিত্ব করেন মিজানুর রহমান।

শহরের সরকারপাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে  অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এর অন-উপস্থিতিতে, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু ও সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী। জেলা কৃষকদলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম ও যুগ্ম আহবায়ক শফি উদ্দিন, জেলা তাঁতিদলের সদস্য সচিব মীর আয়ুব হোসেন প্রমূখ।

এসময় পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু বলেন, খেলাধুলা সমাজকে সুস্থ ও ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা জাহাঙ্গীর হাফিজ লালু বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বারখাদা স্কুলের এই খেলার মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ। এই খেলার মাঠের ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের আশেপাশে কোনো খেলার মাঠ নেই, তাই এই খেলার মাঠ টি যেনো হারিয়ে না যায় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে।

এদিকে জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের শিক্ষা দেয়। আজকের এই আয়োজন প্রমাণ করে, আমাদের তরুণরা সঠিক পথে এগিয়ে যেতে চায়। তাদের এই আগ্রহকে কাজে লাগিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে তারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে, যা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে সেরা খেলোয়াড়দের পুরুস্কার ও বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি এবং পরাজিতদের রানার্সআপ ট্রফি প্রদান করা হয়।