বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা জানিয়েছে জিমনাস্টিক ক্লাবের সদস্যরা। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া জিমনাস্টিক ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জিমনাস্টিক ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, জিমনাস্টিক ক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মনজুরুল আলম সান্নু, কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শামীম-উল হাসান অপু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুষ্টিয়া জিমনাস্টিক ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন জিমনাস্টিক ক্লাবের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জিমনাস্টিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মুকুল, নির্বাহী সদস্য মীর আল আরেফিন বাবু ও আব্দুল ওয়াদুদ প্রমূখ। এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবনে অভ্যস্ত করতে খেলাধুলার বিকল্প নেই। জিমনাস্টিকস একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া মাধ্যম, যা শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কুষ্টিয়ার সার্বিক উন্নয়নে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। ক্রীড়া, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ কুষ্টিয়া গড়ে তোলা সম্ভব। আগামী দিনে তিনি ক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এদিকে অনুষ্ঠানের শুরুতে প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
