কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেকের আগমন উপলক্ষে বরণ এবং সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মামুনুর রশিদ সিদ্দিকীর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজের প্রশাসনিক ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেককে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার ও শিক্ষক পরিষদের সম্পাদক জিল্লুর রহমান বিশ্বাস।
এ সময় কলেজের রোভার স্কাউটের সদস্যরাও নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মামুনুর রশিদ সিদ্দিকীকে বিদায় জানানো হয়। কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জহুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান খাদেমুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জিল্লুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এনামুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জ্যোতি রানী ঘোষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।
বক্তারা নবাগত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেককে স্বাগত জানিয়ে তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মামুনুর রশিদ সিদ্দিকীর দায়িত্ব পালনকালে কলেজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, রোভার স্কাউটের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।









