বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান। সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কাজ, বিদ্যমান সমস্যা, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় জেলা প্রশাসক উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জেলায় ডেঙ্গুর প্রকোপ যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে কুষ্টিয়া পৌরসভাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ড্রেন ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন ও জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সরকারি সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।









