কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: কঠোর প্রতিরোধ ও আন্দোলনের হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের তথ্য সংগ্রহ করতে গিয়ে বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব উল আহসান উল্লাসের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ কুষ্টিয়ার সংবাদকর্মী সমাজ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নেমেছেন। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু,  কালের কণ্ঠের কুষ্টিয়া প্রতিনিধি তারিকুল হক তারিক, কেইউজের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, কেইউজের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক কুষ্টিয়ার দর্পণ পত্রিকার সম্পাদক মজিবুল শেখ, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস এবং যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমীন বাবু প্রমুখ। জানা যায়, শনিবার দুপুরে কুমারখালী পৌর এলাকায় সরকারি সড়ক নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগের তথ্য ও ভিডিও সংগ্রহ করতে গেলে স্থানীয় প্রভাবশালী চক্রের সন্ত্রাসীরা সাংবাদিক উল্লাসের ওপর হামলা চালায়।

শনিবার সন্ধ্যায় আহত সাংবাদিক বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন। এতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। মামলায় প্রধান আসামি কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের বডিগার্ড রুহুল আমিন। অন্য আসামিদের মধ্যে এমপি’র ভাই ও ছেলেও রয়েছেন। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, উন্নয়ন কাজের অনিয়ম তুলে ধরতে গেলেই প্রভাবশালী মহলের চাপের মুখে পড়তে হচ্ছে। কোনো রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিকদের কলম স্তব্ধ করা যাবে না। সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন, তারা জনস্বার্থে কাজ করেন। দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ সময় উপস্থিত সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “হামলা চালিয়ে ভয় দেখিয়ে সংবাদ বন্ধ করা যাবে না।

এবার আর প্রতিহত নয়, রাজপথে সরাসরি প্রতিরোধ করা হবে। এসময়  কেইউজের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, আনন্দ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নূরুন্নবী বাবু, তুহিন খন্দকার, নাব্বির আন নাফিজ, গ্রিন টিভি ও গণকণ্ঠের প্রতিনিধি জিয়ারুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের রিপোর্টার রবিউল ইসলাম দোলন, সাংবাদিক ইভান, শাবিনা ইয়াসমিন শ্যামলী, মাহতাব উদ্দিন লালনসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে কুমারখালী থানা পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত মারুফ ও আনারুল নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর