খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই জুন ২০২৬, ৩:৫ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর ডাক্তারপাড়া এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলায় আহত কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মসলেম মন্ডল (৫৪) মারা গেছেন। বর্তমানে তিনি ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত ছিলেন। গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাইয়ের মেয়ে বুলু খাতুন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিরোধপূর্ণ জমির ওপর অবস্থিত একটি আমবাগানে আম পাড়তে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মসলেম মন্ডলের ওপর হামলা চালায়। এতে তাঁর বাম পা, ডান হাত ও গোড়ালিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
লাশের সঙ্গে থাকা বুলু খাতুন জানান, আত্মীয়-স্বজনদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও মসলেম মন্ডলের ওপর হামলার ঘটনা ঘটেছিল এবং সেই মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। একই বিরোধের জেরে আম পাড়াকে কেন্দ্র করে আবারও তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, হামলার সময় কয়েকজন আত্মীয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মনজুরার রহমান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ কুষ্টিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রথমে গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হবে না। রাতে কুষ্টিয়া সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে মরদেহ রাখা হতে পারে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার দিন পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত মসলেম মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুই পক্ষের মধ্যে আগের মামলাও চলমান রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য