ইনুর নির্দেশে কুষ্টিয়ায় হত্যার প্রমাণ নেই: দাবি আইনজীবীর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইনুর নির্দেশে কুষ্টিয়ায় হত্যার প্রমাণ নেই: দাবি আইনজীবীর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩০, ২০২৬

ঢাকা অফিস ॥ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর নির্দেশে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করা হয়েছে— এমন কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তার আইনজীবীরা। গতকাল বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ দাবি করা হয়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন ইনুর আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

গত ২ এপ্রিল শুরু হওয়া এই যুক্তিতর্ক এখনও চলমান। যুক্তিতর্কে মুনসুরুল হক বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার মক্কেল সংসদ সদস্য ছিলেন না। কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় তার কোনো সম্পৃক্ততাও নেই। এমনকি মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন যে, হত্যাকাণ্ডের সময় ইনু কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না। তিনি বলেন, প্রসিকিউশনের মাত্র একজন সাক্ষী দাবি করেছেন যে, ইনুর নির্দেশে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করা হয়েছে।

কিন্তু তিনি কখন বা কীভাবে সেই নির্দেশ দেওয়া হয়েছিল, তা বলতে পারেননি। পরে যুক্তিতর্ক অব্যাহত রাখতে আরও সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। আবেদন মঞ্জুর করে আগামী ৪ মে পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।