রঞ্জুউর রহমান ॥ ভূমি উন্নয়ন করসহ অন্যান্য সরকারি রাজস্ব আদায়ে গতি বাড়ানো এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে কুষ্টিয়া জেলা মাসিক রাজস্ব সভায়।
গতকাল রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, কুষ্টিয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এবং দৌলতপুরের সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।
এ ছাড়া সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে আরও কার্যকর ও জনবান্ধব ভূমিকা রাখতে হবে। ভূমি উন্নয়ন করসহ অন্যান্য সরকারি রাজস্ব নির্ধারিত সময়ে আদায় নিশ্চিত করার পাশাপাশি সেবাগ্রহীতারা যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সেবা পান, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সেবার তথ্য সহজভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং কর পরিশোধের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ভূমি উন্নয়ন কর আদায়ে কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।








