কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় থমকে যায় পাঠদান

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে বিদ্যালয় প্রাঙ্গণ ও প্রবেশপথে পানি জমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া এবং পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার স্থায়ী সমাধান চান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান জানান, জলাবদ্ধতার কারণে বর্ষাকালে শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়ে যায় এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন, যাতে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠগ্রহণ করতে পারে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে প্রতি বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসন, দৌলতপুর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এলাকাবাসীরও প্রত্যাশা, শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর