নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানকে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। তবে ভেদরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তার পদটি বর্তমানে শূন্য থাকায় তাকে ওই পদে পদায়ন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ড. শহীদ মোস্তফা স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়েছে। অফিস আদেশে বলা হয়, মো. মেহেদী হাসান বর্তমানে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলি করা হলো।
একই সঙ্গে তাকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ১ অক্টোবর থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বদলি হওয়া কর্মকর্তার বকেয়া বেতনসহ পিএফ এবং জিপিএফ হিসাবের প্রাপ্য পাওনাদি বদলিকৃত কর্মস্থলে স্থানান্তর নিশ্চিত করার জন্য কুষ্টিয়া পৌরসভার প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ওই অফিস আদেশে আরও বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।









