দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ‘নাশকতার’ মামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। তাকে দৌলতপুর থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম সংশ্লিষ্ট এলাকায় সংঘটিত ‘নাশকতার’ ঘটনায় দায়ের করা মামলার আসামি।
গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয়। রাতে এ খবর লেখার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। শহিদুল ইসলাম উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলা যুবলীগের সহসভাপির দায়িত্বে রয়েছেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।









