বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট ও জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে টুর্নামেন্টকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলায় শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অংশ নেয়। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আব্দুল হাই সিদ্দিকী, লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এ্যাড. খাদেমুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। পরে জেলা পরিষদের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা সামগ্রী দেওয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।
খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। আজকের এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। আমাদের পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে সহায়তা করে। জেলা পরিষদের উদ্যোগে খেলাধুলা সামগ্রী বিতরন, গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি সকলকে অন্তত একটি করে গাছের চারা রোপন করতে হবে।
শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বড় করে তুলতে হবে। অন্য বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। বিদ্যালয়ে খেলাধুলার চর্চা এবং বৃক্ষরোপণের মতো কর্মসূচি শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। জেলা পরিষদের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
ক্লিন সিটি গ্রীন সিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের উদ্যোগে লাহিনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের পাশাপাশি গাছের চারাও বিতরণ অব্যাহত রেখেছেন জেলা পরিষদ। উক্ত বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।









