মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মোশাররফপুর গ্রামের বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোর মুস্তাকিমের পাশে দাঁড়িয়েছেন মিরপুর উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম তার হাতে একটি হুইলচেয়ার তুলে দেন। মুস্তাকিম পৌরসভার মোশাররফপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে বাক ও শারীরিক প্রতিবন্ধিতার কারণে চলাফেরায় চরম কষ্ট ভোগ করছিল সে। পরিবারের পক্ষ থেকে সহায়তার আবেদন জানানো হলে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত হুইলচেয়ারের ব্যবস্থা করে।
হুইলচেয়ার পেয়ে মুস্তাকিমের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। মুস্তাকিমের বাবা সালাউদ্দিনের জানান, এতদিন তাকে কোলে করে বা অন্যের সহায়তায় স্থানান্তর করতে হতো। এখন সে নিজে থেকেই সহজে চলাচল করতে পারবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের সহায়তা শুধু একজন মানুষের চলাচলের সুযোগই বাড়ায় না, তার আত্মবিশ্বাসও জাগিয়ে তোলে।
