বিশেষ প্রতিনিধি ॥ ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় আবারও সক্রিয় হয়ে উঠেছেন আলোচিত মাদক সম্রাজ্ঞী কামিনী বেগম। একাধিকবার প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়ে আইনের বিভিন্ন ফাঁক-ফোকরে জামিনে মুক্তি পাওয়ার পর আবারো পূর্বের মতো মাদক ব্যবসা শুরু করেন বলে দাবি করছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করছেন কামিনী। শহরের চৌড়হাস এলাকায় তার নিজ বাড়িতে বসেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এতে করে যুব সমাজের একটি বড় অংশ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণির পরিবারের ছেলে-মেয়েরা মাদকের নেশায় জড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। সচেতন মহলের দাবি, মাদকের বিস্তার রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে কুষ্টিয়ার ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তারা বলেন, বারবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন ওই নারী। ফলে তার বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।
এদিকে স্থানীয়রা আরও অভিযোগ করেন, গত বছর বাংলাদেশ সেনাবাহিনী-এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্তি পান কামিনী। এরপর থেকেই তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক পেলেই আমরা গ্রেপ্তার করবো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন বলেন,”আমরা অবশ্যই অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনবো।









