কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বহিরাগত হিজড়াদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ ও হুমকির অভিযোগ

আমিন হাসান ॥ কুষ্টিয়া সদর উপজেলায় বহিরাগত হিজড়া পরিচয়ধারী ব্যক্তিদের অনধিকার প্রবেশ, হুমকি-ধামকি ও স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে নিজেদের কর্মএলাকার সুরক্ষা ও স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন পায়েল হিজড়ার নেতৃত্বাধীন কুষ্টিয়া সদর উপজেলার হিজড়া জনগোষ্ঠীর একটি অংশ।

 

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তাঁরা জানান, পায়েল হিজড়ার নেতৃত্বে প্রায় ২০ জন হিজড়া বিভিন্ন দলে বিভক্ত হয়ে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও গ্রামাঞ্চলে নবজাতক শিশুর জন্ম উপলক্ষে তাদের অভিভাবকদের অনুমতি ও সম্মতি নিয়ে নাচ-গানসহ বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করেন। এ কাজের মাধ্যমে প্রাপ্ত আর্থিক সহায়তায় তাঁরা জীবন-জীবিকা নির্বাহ করেন।

 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, কুষ্টিয়া সদর উপজেলা তাঁদের নির্ধারিত কর্মএলাকা। এ এলাকার বাইরে তাঁরা কোনো কার্যক্রম পরিচালনা করেন না। তবে সম্প্রতি বহিরাগত কয়েকজন ব্যক্তি তাঁদের কর্মএলাকায় প্রবেশ করে কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তাঁরা।

 

সংবাদ সম্মেলনের বক্তব্যে আবদুল্লাহ, কাজল, ইমন ও নান্নু মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়, তাঁদের সঙ্গে থাকা কিছু ব্যক্তি হিজড়া সেজে এবং তাঁদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় প্রবেশ করছেন। এ সময় হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এবং তাঁদের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন অভিযোগকারীরা।

 

তাঁদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাঁরা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি নিজস্ব কর্মএলাকায় স্বাভাবিকভাবে কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

 

সংবাদ সম্মেলনে বহিরাগত ব্যক্তিদের অনধিকার প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কর্মএলাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করা এবং জীবিকা নির্বাহে নিরাপত্তা দিতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর