কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন

কুমারখালী প্রতিনিধি ॥ কেউ যাচ্ছিলেন বাসায়, কেউবা ঘুরছিলেন রাস্তায়। এমন সময় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৩৩ জন আহত হয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

 

গতকাল বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত কুমারখালী শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

 

রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৩৩ জন হাসপাতালের এসেছিল। অনেকের বড় ধরণের ক্ষত দেখা গেছে। তাঁদের মধ্যে ২৭জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যদের সকালে ( বৃহস্পতিবার) আসার পরামর্শ দেওয়া হয়েছে।

 

স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারীদের কামড় দেয় একটি পাগলা কুকুর। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কালো রঙের পাগলা কুকুরটি শহরের আমতলা, হলবাজার, ইদ্রাক মোড় হয়ে সবশেষ নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার হয়তাপাড়া দেখা গেছে।

 

রাতে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, কুকুরের কামড় বা আঁচড়ের ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ধৌত করছেন কেউ। আবার কাউকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। জরুরি বিভাগের সামনে স্বজন ও রোগীদের উপচেপড়া ভিড়।

 

আহত মো. রোকনুজ্জামান জানান, তিনি কুমারখালী হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি কালো কুকুর এসে কামড় দিয়ে চলে যায়। তাঁর পাঁয়ে ক্ষত রয়েছে। চিকিৎসক তাকে ভ্যাকসিন দিয়েছেন।

 

স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, ‘সন্ধ্যায় হাসপাতালে এসে দেখি বিভিন্ন জায়গা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে রোগীরা আসছেন। দ্রুত কুকুরটি শনাক্ত করা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

 

রাত ৮টার দিকে চড়াকোল হয়তাপাড়া এলাকার বয়োজ্যেষ্ঠ আফজাল হোসেন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, নামাজ পড়ে বাইরে আসতেই একটি কালো কুকুর কামড় দিয়ে দৌড়ে চলে যায়। চিকিৎসক বললেন কাল আসতে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার ফোনে বলেন, একটি কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর