মিরপুর প্রতিনিধি ॥ “শিক্ষকদের পাশে থাকা, পেশার সুরক্ষা এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মামুনুর রশীদ সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষকরাই জাতির আলোর দিশারী ও মানুষ গড়ার কারিগর। শিক্ষক কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান প্রদান করেন না; বরং তাঁরা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে জাগ্রত করেন এবং প্রতিকূলতার মধ্যেও অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগান বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফী এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ছাতিয়ান রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী এবং সদরপুর সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা শিক্ষক সমাজের পেশাগত সুরক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।









