কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গৃহবধূর ঘর ছাড়ার হিড়িক: গুঞ্জন বনাম বাস্তব চিত্র

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সাম্প্রতিক সময়ে নারী ও গৃহবধূদের ঘর ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মুখে মুখে নানা আলোচনা চলছে। একসঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক নারীর সংসার ছাড়ার তথ্য ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি এবং পুলিশের বক্তব্য বলছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে মূলত বিচ্ছিন্ন কিছু পারিবারিক ও সামাজিক কারণ, যা অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও স্থানীয় মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, পরকীয়া প্রেমের জেরে মিরপুরে প্রায় ৭০ জন নারী ঘর ছেড়েছেন। একশ্রেণির মানুষ এটিকে সামাজিক অবক্ষয় ও পরকীয়া আসক্তির ভয়াবহ রূপ বলে ধারণা করছেন। এই তথ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার সত্যতা যাচাই করতে কথা হয় মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলামের সাথে। তিনি বলেন, প্রতিদিন মিরপুর থানায় নারীদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয়ে কিছু অভিযোগ বা জিডি দায়ের হয়ে থাকে।

ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বেশিরভাগ ক্ষেত্রে স্কুলপড়ুয়া শিক্ষার্থী বা কিশোরীদের বাড়ি থেকে চলে যাওয়া, পরকীয়া সম্পর্ক, স্বামীর সাথে ঝগড়াবিবাদ কিংবা পারিবারিক টানাপোড়েনের কারণে এসব অভিযোগ থানায় জমা হয়। তবে পুলিশি তৎপরতায় এসব ঘটনার বেশিরভাগই খুব অল্প সময়ের মধ্যে সমাধানও করে ফেলা হয়। তিনি আরও স্পষ্ট করেন যে, বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনাগুলোকে একত্র করে বা বাড়িয়ে পুরো উপজেলার নারীদের নিয়ে এমন ঢালাও পরিসংখ্যান দাঁড় করানো বা প্রচার করা সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন। যদিও ঢালাও প্রচারটি অতিরঞ্জিত, তবে মাঝেমধ্যে বিচ্ছিন্ন কিছু পারিবারিক কলহ, সামাজিক দ্বন্দ্ব বা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটছে না, তা নয়।

সম্প্রতি মিরপুরে পরকীয়া সংক্রান্ত জেরে অপ্রীতিকর ও বিষপানের মতো কিছু মর্মান্তিক ঘটনাও গণমাধ্যমে এসেছে, যা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। মনোবিদ ও সমাজবিশ্লেষকদের মতে, পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়া, প্রযুক্তি ও মুঠোফোনের অপব্যবহার এবং নিজেদের মধ্যে যোগাযোগের ঘাটতির কারণে এ ধরনের সমস্যা বাড়ছে। অভিভাবক ও সচেতন মহলের মতে, সঠিক কাউন্সেলিং, নৈতিক শিক্ষা এবং পারিবারিক অনুশাসন জোরদার করার মাধ্যমেই এ ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব। একই সাথে, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবে কান না দিয়ে প্রকৃত সত্য অনুধাবনের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর