কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের লোকদেখানো অভিযান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পরিবেশ আইন তোয়াক্কা না করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা ও সময়সীমা বেঁধে দিয়েই দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। ধার্যকৃত সময় অতিক্রান্ত হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ।

ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার দশমাইল নামক স্থানে অবৈধভাবে প্রতিষ্ঠিত ‘আর এন বি ব্রিকস’-এ এক মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিবেশ সংরক্ষণ ও ইট প্রস্তুত আইন অনুযায়ী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহমিন মোস্তফা হাসান।

এ সময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: এমদাদুল হক ও সিনিয়র কেমিস্ট জনাব মো. হাবিবুল বাশার উপস্থিত ছিলেন। অভিযানের সময় এক্সকেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ইটভাটাটির আংশিক কিলন ভেঙে দেওয়া হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ভাটার প্রোপ্রাইটর মো: আনিছুর রহমানকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

তবে অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল—ভাটাটির মালিক আনিছুর রহমান ১ (এক) সপ্তাহের মধ্যে নিজ উদ্যোগে চিমনি পুরোপুরি ভেঙে ফেলার শর্তে একটি লিখিত মুচলেকা প্রদান করেন। এমনকি গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে লিখিত ওই মুচলেকায় তিনি স্পষ্ট অঙ্গীকার করেন যে, আগামী ২৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নিজ দায়িত্বে ১২০ ফিটের ফিক্সড চিমনিটি ভেঙে অপসারণ করবেন এবং তা না করলে প্রশাসনের আইনানুগ যেকোনো পদক্ষেপ তিনি মেনে নেবেন।

অভিযোগ উঠেছে, মুচলেকা অনুযায়ী বেঁধে দেওয়া সময়সীমা (২৫ আগস্ট) পার হয়ে গেলেও আজ পর্যন্ত সেই চিমনি ভাঙা বা ভাটার বিরুদ্ধে পরবর্তী কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি পরিবেশ অধিদপ্তর। জরিমানা আদায় এবং লোকদেখানো আংশিক ভাঙচুরেই সীমাবদ্ধ থেকেছে পুরো কার্যক্রম। স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধ ইটভাটার চিমনি বহাল তবিয়তে থাকা এবং বেঁধে দেওয়া সময় পার হওয়ার পরও প্রশাসনের নীরবতা পরিবেশ অধিদপ্তরের চরম অবহেলা ও গাফিলতিকেই স্পষ্ট করে।

একদিকে অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও কৃষি জমির মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে প্রশাসনের এই ধরনের শিথিলতায় বেপরোয়া হয়ে উঠছে পরিবেশ ধ্বংসকারীরা। এ বিষয়ে দ্রুত কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিতর্কিত চিমনি উচ্ছেদে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের সরাসরি হস্তক্ষেপ দাবি করছেন এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর