কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রাজধানীর বাসায় অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার ঠিকাদার নিহত

বিশেষ প্রতিনিধি ॥ রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসায় অগ্নিকাণ্ডে নেওয়াজ চৌধুরী মিতু (৫৭) নামে কুষ্টিয়ার এক ঠিকাদার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসার একটি গ্লোব থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মিতু বাসার ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগুনে বাসার আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ কুষ্টিয়ায় নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে মোহাম্মদপুর থানায় প্রয়োজনীয় কার্যক্রম করা হয়।

পরে রাজধানীর বাবর রোডের আল-মারকাজুল ইসলামীতে মরদেহ গোসল করানো হয়। নেওয়াজ চৌধুরী মিতুর সঙ্গে ১৯৯৮ সালে কুষ্টিয়ার দৈনিক ‘আন্দোলনের বাজার’ পত্রিকা কার্যালয়ে সময় কাটানোর স্মৃতি রয়েছে। তিনি পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মনজুর এহসান চৌধুরীর ভাতিজা এবং বর্তমান সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর ভগ্নিপতি। মিতু কুষ্টিয়ার খোকসা উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের নাতি এবং কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরের মরহুম চৌধুরী সুলতান সালাউদ্দিনের বড় ছেলে।

কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্র মিতু নব্বইয়ের দশকের শেষ দিকে কিছু সময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। পরে ঠিকাদারি ব্যবসায় যুক্ত হন। মিতুর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি অসুস্থ মা, স্ত্রী, দুই কন্যা, দুই পুত্র ও ছোট ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর