খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই আগস্ট ২০২৬, ১:৫২ এএম

বিশেষ প্রতিনিধি ॥ করবো কাজ গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (০৮ আগস্ট) সকালে অগ্রদূত যুব সমবায় সমিতির উদ্যোগে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, উপজেলা কৃষি অফিসার রুপালী খাতুন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহজাহান আলী হান্নান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাইমুল ইসলাম। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু কর্মসূচির অংশ হিসেবে নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। আয়োজকরা জানান, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা জরুরি।
যুবসমাজকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। কর্মসূচিতে সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিতরা বলেন, নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে কুষ্টিয়ায় সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সচেতনতা আরও বাড়বে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য