কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাবে কুষ্টিয়া: কাজল মাজমাদার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া মহাশ্মশান মন্দিরে আয়োজিত ৪৮ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন মো. আখতারুজ্জামান ওরফে কাজল মাজমাদার। গতকাল বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাতে তিনি মহাশ্মশান মন্দিরে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। এ সময় দূরদুরান্ত থেকে মহানাম যজ্ঞানুষ্ঠানে অংশ নিতে আসা সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

পরে তিনি মহাশ্মশান মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ৪৮ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন কাজল মাজমাদার। এ সময় কাজল মাজমাদার বলেন, কুষ্টিয়ার মাটিতে সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

এই সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় আয়োজন তাদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। মহানাম যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শান্তি, মানবতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ুক এটাই আমার প্রত্যাশা। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে কুষ্টিয়ার সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সামনে এগিয়ে যাবে।

ধর্মীয় অনুষ্ঠানগুলো যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কাজল মাজমাদার আরও বলেন, মহানাম যজ্ঞানুষ্ঠানের মতো ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে। এ ধরনের আয়োজনে সহযোগিতা করা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো সামাজিক সম্প্রীতিরই অংশ। এ সময় কাজল মাজমাদারের সঙ্গে একাধিক সফরসঙ্গী উপস্থিত ছিলেন।

তারাও মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানে আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। মহাশ্মশান মন্দিরে আয়োজিত ৪৮ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে দূরদুরান্ত থেকে আগত ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে বর্তমানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর