কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বরখাস্ত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বরখাস্ত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১, ২০২৬

সরকারি অর্থ আত্মসাৎ 

দৌলতপুর প্রতিনিধি ॥ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা (সাময়িকভাবে বরখাস্তকৃত) কল্লোল বিশ্বাসকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়। অভিযুক্ত কর্মকর্তা এর আগে যশোরের মণিরামপুর উপজেলায় কর্মরত থাকাকালীন এই আর্থিক অনিয়ম করেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, কল্লোল বিশ্বাস (পরিচিতি নম্বর- ১০৯১৩০৩৮) মণিরামপুরে কর্মরত থাকাকালীন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের যাতায়াত ভাতা থেকে ১৫% ভ্যাট এবং ৩% আয়কর বাবদ কর্তনকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেননি। অভিযোগ প্রমাণিত হয়েছে যে, তিনি মোট ৫ লক্ষ ৩২ হাজার ৪ শত ৪০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে সম্পূর্ণ অর্থ নিজে আত্মসাৎ করেছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশনের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর- ১৮/২০২৫ রুজু করা হয়। তদন্ত কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব খোরশেদ আলম তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, অভিযুক্ত কর্মকর্তা যাতায়াত ভাতার ভাউচারে ভ্যাট ও আয়কর কর্তন কলামে কলম দিয়ে ‘পেন থ্রু’ করে ওই অর্থ নিজের কাছে রেখে দিয়েছিলেন।

তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনার পর তাকে দোষী সাব্যস্ত করে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ‘চাকুরি হতে বরখাস্তকরণ’ নামক গুরুদণ্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই দণ্ডের বিষয়ে সম্মতি প্রদান করে। পরে সারসংক্ষেপ রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করা হলে গত চলতি বছরের ৫ এপ্রিল তিনি এই প্রস্তাবে সদয় অনুমোদন প্রদান করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ ৫ এপ্রিল ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে। চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি আত্মসাতকৃত ৫,৩২,৪৪০ টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে এই বিষয়ে জানতে কল্লোল বিশ্বাসের মুঠোফোনে কথা হলে তিনি এসবের সত্যতা স্বীকার করে বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমি মেনে নিয়েছি। এর বেশি কিছু আমি বলতে পারবো না।