কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লালনের মাঠে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান

কুমারখালী প্রতিনিধি ॥ আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় আখড়াবাড়িতে শুরু হচ্ছে ১৩৬তম লালন তিরোধান দিবস। এ উপলক্ষ্যে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে জেলা প্রশাসন ও লালন একাডেমি। তবে যেন লালন আখড়াবাড়ি ও লালনমেলার আশপাশের এলাকায় যেন কোনো মাদকের ঠাঁই না হয়, সেজন্য অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন ও পুলিশ।

 

নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধায় ফের মাদকবিরোধী অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে প্রায় দুই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যরা অংশ নেন।

 

জানা গেছে, আসন্ন লালন উৎসবকে সামনে রেখে আখড়াবাড়ি এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমারখালী থানা পুলিশ, জেলা ডিবি পুলিশ, র‌্যাব ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় লালন মাঠ, আখড়ার আশপাশের দোকানপাট, ভবঘুরে ও সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালানো হয়।

 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “লালন মেলা মানেই দেশ-বিদেশের হাজারো মানুষের সমাগম। এই সুযোগে কিছু অসাধু চক্র মাদক ব্যবসা করে। আমরা মাঠকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে আমরা ব্যাপক তল্লাশি করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন,”জেলা প্রশাসনের নির্দেশে লালন একাডেমি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। প্রায় দুই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এতে অংশ নেন। উৎসবের আগ পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

স্থানীয়রা জানান, প্রতিবছর লালনের তিরোধান দিবস ও দোল উৎসবের সময় ছেঁউড়িয়া এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ে। সেই সঙ্গে বাড়ে মাদকের ব্যবহার ও কেনাবেচা। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর