কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ১৩ বছরের কিশোরকে পুকুরে ফেলে পাখি ভ্যান ছিনতাই

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে এক কিশোর চালককে চলন্ত ভ্যান থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের পুকুরে ফেলে একটি ব্যাটারিচালিত ‘পাখি ভ্যান’ ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার চিঘালিয়া ডাকাতি পুকুরকুনি সংলগ্ন এলাকার একটি নির্জন সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরের নাম মো. নয়ন (১৩)। সে উপজেলার চিঘালিয়া গ্রামের আবদুল গাফফারের ছেলে। ঘটনার পর নয়নের মা মোছা. শিউলি খাতুন বাদী হয়ে মিরপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে নয়ন তার ভ্যানটি নিয়ে চিঘালিয়া বাজার থেকে যাত্রী হিসেবে দুই ব্যক্তিকে তুলেন। গন্তব্য ছিল মিরপুর বাজার। পথিমধ্যে চিঘালিয়া ডাকাতি পুকুরকুনি এলাকার নির্জন স্থানে পৌঁছামাত্র যাত্রীবেশী ছিনতাইকারীরা নয়নকে ধাক্কা মেরে রাস্তার পাশের পুকুরে  ফেলে দেয়। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে ভ্যানটি নিয়ে তারা দ্রুত এলাকা ত্যাগ করে। পরবর্তীকালে আহত কিশোর বাড়িতে ফিরে স্বজনদের বিস্তারিত জানালে স্থানীয়রা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেন। তবে ভ্যানের কোনো হদিস না পেয়ে শেষ পর্যন্ত পরিবারটি প্রশাসনিক সহায়তার জন্য থানায় শরণাপন্ন হয়।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপহৃত ভ্যানটি উদ্ধারসহ জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর