কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স
প্রকাশ: ১২ই আগস্ট ২০২৬, ২:০ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার দিবাগত গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে একজন পুরুষকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে এবং জুলাইয়ের আন্দোলনকে প্রত্যাখ্যান করে বক্তব্য দিতে শোনা যায়।
ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট-বোমা, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’ এ ছাড়া ‘হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলেও স্লোগান দিতে শোনা যায় তাকে। ভিডিওতে আরও বলা হয়, ‘ষড়যন্ত্র করে জঙ্গিবাদীরা আমার নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে। আমরা এই জুলাই মানি না, কখনো মানব না। শেখ হাসিনার বাংলাদেশে আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাআল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, এটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা ঘটতে পারে এমন তথ্য আমরা আগেই পেয়েছিলাম। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল। ঘটনার খবর পেয়ে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্যও পাওয়া যায়নি।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য