খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই আগস্ট ২০২৬, ১:৩৫ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া লালনের মাঠ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার “খ” সার্কেলের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমারখালী উপজেলার ছেউড়িয়া মণ্ডলপাড়া এলাকার মো. সোহরাব মণ্ডলের ছেলে মো. রাজিব (১৯) এবং কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. জাকির হোসেন (৪৫)। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকর করতে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য