কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিষধর সাপের কামড়ে সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগরিকা ঠোটারপাড়া গ্রামের নূরে আলম জিকুর স্ত্রী এবং জামাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাপে কামড়ানোর পর পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়। এতে প্রয়োজনীয় চিকিৎসা পেতে তার সময়ক্ষেপণ হয়। পরে রাত আড়াইটার দিকে সাগরিকাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (আরএমও) ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘রাতে ওই নারীর পরিবারের সদস্যরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। সাপে কাটার পর কোনো ধরনের ঝাড়ফুঁক বা কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসতে হবে। দ্রুত হাসপাতালে পৌঁছানো গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীর জীবন রক্ষা করা সম্ভব।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘সাপের কামড়ে সাগরিকা নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে যায়। পরে নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর