দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা। এ সময় প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল রবিবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজার এলাকায় অবস্থিত আকিজ বিড়ি ফ্যাক্টরির প্রায় দেড় শতাধিক শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং কুষ্টিয়া-প্রাগপুর প্রধান সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন।
ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, বর্তমানে প্রতি এক হাজার বিড়ি প্রস্তুতের বিপরীতে তারা ৬১ টাকা মজুরি পান, যা বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় অত্যন্ত কম। তারা বিদ্যমান মজুরির সঙ্গে অতিরিক্ত ২০ টাকা বৃদ্ধি করে প্রতি এক হাজার বিড়ির মজুরি ৮১ টাকা নির্ধারণের দাবি জানান। শ্রমিক নেতা মোহাম্মদ টিপু বলেন, দীর্ঘদিন ধরে আমরা অল্প মজুরিতে কাজ করে আসছি। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছি।
তিনি আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে আকিজ বিড়ি ফ্যাক্টরির ম্যানেজার শ্যামল কুমার দাস জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি নিয়ে আগামী ১৩ জুন ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে। পরে তারা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
