দৌলতপুরে কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৮, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া হাই স্কুলপাড়া এলাকায় পানি পড়ার আস্তানায় গভীর রাতে কাফনের কাপড়ে আরবি হরফে লেখা একটি কাপড় ফেলে রেখে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। গতকাল রবিবার (৭ জুন) সকালে স্থানীয় বাসিন্দারা কাপড়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায়। বিষয়টি দ্রুত এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে এসে কাপড়টি দেখতে থাকেন। তারা নিশ্চিত হন ওই কাপড়টি কাফনের। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও নানা ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, কাফনের কাপড়টিতে আরবি ভাষার কিছু লেখা ছিল, যা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। তবে কে বা কারা গভীর রাতে এটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, কুফরি কালাম অথবা জাদুটনা করার জন্য এমন কর্মকাণ্ড কে বা কাহারা ঘটাতে পারে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে।

ঘটনার বিষয়ে ওই এলাকার মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম জানান, সকালে তিনি গুঞ্জন শুনে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তিনি একটি কাপড় দেখতে পান, যার উপর আরবি বা অন্য কোনো ভাষায় লেখা ছিল এবং পাশাপাশি একটি নকশাও অঙ্কিত ছিল। তাঁর ধারণা অনুযায়ী সেটি কাফনের কাপড় হতে পারে। পরবর্তীতে যোহরের নামাজ শেষে তিনি আবার ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানীয় লোকজন ইতোমধ্যে ওই কাপড়টি পুড়িয়ে ফেলেছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তারা এখনও পাননি। ঘটনার সত্যতা ও এর পেছনের কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসনের নজরদারি কামনা করেছেন এলাকাবাসী।