কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রাজস্ব বাজেটে ইবিতে শিক্ষার্থী প্রতি প্রায় এক লাখ টাকার বরাদ্দ

ঢাকা অফিস ॥ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাজস্ব বাজেট নির্ধারণ করা হয়েছে ১৮৮ কোটি ৪০ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ১৯ হাজার ৮৯৭ জন শিক্ষার্থীর হিসাব অনুযায়ী, এবারের বাজেটে শিক্ষার্থী প্রতি বার্ষিক গড় বরাদ্দ দাঁড়িয়েছে ৯৪ হাজার ৬৮৮ টাকা। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪০ লাখ টাকার মূল বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে। ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এই নতুন অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।

অনুমোদিত বাজেট অনুযায়ী, দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির নিজস্ব পরিচালন ব্যয় হিসেবে রাখা হয়েছে ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা। ইউজিসি সূত্রে জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে। নতুন অর্থবছরে গবেষণা খাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইউজিসি। গবেষণা কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং দ্বৈততা কমানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট ও ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে।

এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর করা হয়েছে। এতে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ বেড়ে হয়েছে ২৩৮ কোটি টাকা। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, আবাসন সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চলমান উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা বিবেচনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ভবিষ্যতে আরও বড় বাজেট বরাদ্দ প্রয়োজন। তবে নতুন অর্থবছরে অনুমোদিত ১৮৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব বাজেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসনিক কার্যক্রম এবং সামগ্রিক পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর