কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বায়োপেস্টিসাইড ব্যবহারে গুরুত্বারোপ করে কুষ্টিয়ায় ব্র্যাকের কর্মশালা

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ জুন) জেলা বীজ প্রত্যয়ন অফিসে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, কুষ্টিয়া (বিসিএস কৃষি) কৃষিবিদ এ কে এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহিরাঙ্গন অফিসার (বিসিএস কৃষি) কৃষিবিদ সেলিমুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার, ব্র্যাক সিড আখতারুল ইসলাম এবং এইচআর প্রতিনিধি, ব্র্যাক রিজিওনাল অফিস, কুষ্টিয়া মো. জাহিদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সিড স্টোরের স্বত্বাধিকারী মো. আজগর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন টেরিটরি সেলস অফিসার (ফিল্ড ক্রপস) সেখ মোহাম্মদ আলী জিন্নাহ, টেরিটরি সেলস অফিসার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড) বাসুদেব পাল এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় উত্তম কৃষি পদ্ধতি অনুসরণের মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও ব্র্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলুর বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা আমন মৌসুমে বীজ ও বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা এবং সঠিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে ৫০ জন কৃষকের মাঝে উন্নতমানের সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিনামূল্যে বিতরণ করা হয়। কর্মশালাটি কৃষকদের মধ্যে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর