কুষ্টিয়ায় এমপিওভুক্তির প্রলোভন: শিক্ষকদের কাছ থেকে লাখ টাকা আদায়ের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় এমপিওভুক্তির প্রলোভন: শিক্ষকদের কাছ থেকে লাখ টাকা আদায়ের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির (সরকারি বেতনভুক্ত) আশ্বাস দিয়ে একাধিক শিক্ষক ও কর্মচারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষক কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শহীদ মাহমুদ হোসেন সাচ্চু প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম মুস্তাক হোসেন মাসুদসহ কয়েকজন সদস্য মিলে দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির প্রলোভন দেখিয়ে শিক্ষক ও নৈশপ্রহরীর কাছ থেকে টাকা নেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন কমিটির সদস্য জিলকাদু সারস আ-তুর রহমান, সানজিদা আক্তার কলি, প্রধান শিক্ষিকা শাম্মী হাসান এবং সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার। ভুক্তভোগীর অভিযোগ, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে বিদ্যালয় জাতীয়করণ ও এমপিওভুক্তির নামে বিভিন্ন খাতে টাকা নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, বিভিন্ন দপ্তরের জাল প্রত্যয়নপত্র তৈরি, রাজনৈতিক ব্যক্তির ডিও লেটার সংগ্রহ এবং যাচাই-বাছাই কমিটির অনুমোদনের কথা বলে অর্থ আদায়। সব মিলিয়ে তাঁর কাছ থেকে, স্ত্রী এবং আরও কয়েকজন কর্মচারীর মাধ্যমে প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, এসব অর্থের একটি অংশ এফডিআর হিসেবে জমা রাখা হলেও অধিকাংশ অর্থ ফেরত পাওয়া যায়নি। বর্তমানে প্রায় ১২ লাখ ২০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ছাড়া অভিযুক্তরা ছয়টি ফাঁকা চেক নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর ভাষ্য, পরে বিদ্যালয়টি জাতীয়করণ হয়নি এবং বেতন-ভাতাও চালু হয়নি। টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দেওয়া হচ্ছে। এমনকি মারধর ও হয়রানিমূলক মামলার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তাহীনতার কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।