বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা ও দুটি মোবাইল কোর্ট মামলাসহ মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার (৬ মে) সকালে জেলার ভেড়ামারা থানাধীন বিত্তিপাড়া নিতার পোল এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাহাবুল আলম (৫০) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে, কুষ্টিয়া ‘ক’ সার্কেলের আওতায় মিরপুর থানাধীন মিরপুর বাস স্ট্যান্ড, আমলাসহ বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্ত দুইটি মোবাইল কোর্ট মামলা (নং- ৯৮৭/২৬ ও ৯৮৮/২৬) পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল আলম, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ এবং উপপরিদর্শক মোঃ রাসেল কবীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
