বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সুগার মিলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৬ মে) বিকেলে এ ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে এক নারী ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি সুগার মিলের প্রহরীকে জানান।
প্রহরীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ঘটনাটিকে ঘিরে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু-তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, পরিত্যক্ত কোয়ার্টারে কীভাবে ওই নারী এলেন, তার সঙ্গে কারো বিরোধ ছিল কি না, কিংবা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এসব প্রশ্ন ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কোয়ার্টারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল। এমন পরিস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
