দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিবুল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল মোটরসাইকেল যোগে আল্লারর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া গামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই কিশোর রহিবুলের মৃত্যু হয়। দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
