কুমারখালীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৬, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নুর ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে মাদ্রাসা বন্ধ করে আত্মগোপনে চলে যান মাদ্রাসার হুজুররা। গতকাল মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

নুর ইসলাম ওই এলাকার মো. সাগর মন্ডলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়। নুরের চাচা মো. হাবিবুর রহমান জানান, কোমরকান্দি তালিমুল কুরআন কওমিয়া মাদ্রাসায় মক্তবে নুর ইসলাম লেখা পড়া করছিল। গতকাল মঙ্গলবার ওই মাদ্রাসার সবাইকে নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বনভোজনের আয়োজনে করে। বনভোজন উপলক্ষে সবাই পদ্মা নদীতে বেড়াতে যায়। মাদ্রাসার হুজুররা নুর সহ আরো তিনজনকে মাদ্রাসায় রেখে যায়।

এই সময় তারা মাদ্রাসার পাশে এক পুকুরে গোসল করতে গেলে নূর পানিতে ডুবে মারা যায়। আমরা খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে নুরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয় মঙ্গলবার “দুপুর পৌনে ১২টার দিকে স্বজনরা নুর নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন।

পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। কোমরকান্দি তালিমুল কুরআন কওমিয়া মাদ্রাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। সব ক্লাসরুমে তালা ঝুলতে দেখা যায়। এই সময় দেখা হয় মাদ্রাসার এক শিক্ষার্থী আবু সায়েমের সাথে তিনি বলেন, নূর নামে একটি ছেলে পানিতে ডুবে মারা যাওয়ার পরই মাদ্রাসা বন্ধ করে সবাই চলে গেছে কে কোথায় গেছে তা বলতে পারছে না।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মাদ্রাসার হুজুরদের খামখেয়ালিতে এট ঘটনা ঘটেছে। পদ্মা নদীতে গিয়েই মারা গেছে না পুকুরে মারা গেছে কেউ বলতে পারছে না। এই ঘটনার পর থেকে হুজুররা কেন মাদ্রাসা বন্ধ করে চলে গেছ এটা সাধারণ মানুষের প্রশ্ন জাগে! এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে এমনটা আশা এলাকাবাসীর।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাইনি। বিষয়টি দেখছি।