কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৮ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৮ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পৃথক কার্যক্রমে মোট ৮ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় উদ্ধার করা হয়েছে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে কুষ্টিয়া ‘ক’ সার্কেলের আওতায় কুমারখালীর কয়া এবং সদর উপজেলার হরিশংকরপুর ও লাহিণী বটতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪টি মোবাইল কোর্ট মামলায় ৪ জন আসামিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম আদালত পরিচালনা করেন।

মামলাগুলোর প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ ও উপপরিদর্শক মো. রাসেল কবীর। অন্যদিকে, ‘খ’ সার্কেলের পৃথক অভিযানে মিরপুর উপজেলার গৌড়দহ এলাকায় নিজ বাড়ি থেকে মো. নাসিম আলী (৩৬) নামের এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়া একই দিনে মিরপুরের মোশাররফপুর ও সদর উপজেলার হরিশংকরপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আখতার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে ৪ ও ৫ মাস এবং অপরজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি ৫ হাজার ও ১০ হাজার টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।