পদ্মার চরে মাঝিদের লক্ষ্য করে সন্ত্রাসী বাহিনীর গুলিবর্ষণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পদ্মার চরে মাঝিদের লক্ষ্য করে সন্ত্রাসী বাহিনীর গুলিবর্ষণ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে সন্ত্রাসী খন্দকার সোহেল বাহিনী নৌকার মাঝিদের ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধভাবে চ্যানেল চার্জ আদায় করে আসছে। নৌ পথে অবৈধ এই চ্যানেল চার্জ আদায়ে কেউ বাধ সাঁধলে সন্ত্রাসী সোহেল বাহিনীর সদস্যরা মাঝিদের উপর হামলা এমনকি মারপিট পর্যন্ত করে থাকে।

এবার অবৈধভাবে চ্যানেল চার্জ আদায়ে ব্যর্থ হয়ে সন্ত্রাসী সোহেল বাহিনীর সদস্যরা মাঝিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এ ঘটনায় মাঝিসহ আশে পাশের মানুষজনের মধ্যে আতংক দেখা দিয়েছে। গতকাল রোববার (৫ এপ্রিল) সকাল ৬ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা অংশে পাকশী রেল ব্রীজের নিচে পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে।

চরের স্থানীয় বাসিন্দা এবং মাঝিদের সাথে কথা বলে জানা যায়, খন্দকার সোহেল বাহিনী প্রধান সোহেলসহ তাঁর সন্ত্রাসী বাহিনী সদস্যরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চ্যানেল চার্জ উত্তোলন করে আসছে। ইজারাপ্রাপ্ত কোম্পানি অবৈধভাবে চ্যানেল চার্জ উত্তোলনের বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত করে। মাঝি মাল্লারা ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানের বাইরে অবৈধ চ্যানেল চার্জ দিতে অপারগতা প্রকাশ করলে গতকাল রোববার সকাল আনুমানিক ৬টার দিকে একাধিক হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি খন্দকার সোহেল তার সশস্ত্র বাহিনী নিয়ে মাঝি-মাল্লাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি বর্ষণ করে।

সূত্র জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ নিয়ন্ত্রিত আরিচা নদী বন্দর এলাকার “গোয়ালন্দ হতে পাকশী” পর্যন্ত পদ্মা নদীর নৌ-চ্যানেল সংলগ্ন এলাকা বৈধভাবে ইজারা পায় “গ্রুপঅন সার্ভিস প্রাইভেট লিমিটেড” নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন।

আর আরিচা থেকে পশ্চিম পাড় কুমারখালীর চরতারাপুর হয়ে পাকশী পর্যন্ত এলাকার চ্যানেল চার্জ উত্তোলনের জন্য ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রতিষ্ঠান “সবুর কন্সট্রাকশন স্টীল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিডি”। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুস সবুর।

এ বিষয়ে “গোয়ালন্দ হতে পাকশী” পর্যন্ত পদ্মা নদীর নৌ-চ্যানেল সংলগ্ন এলাকা বৈধভাবে ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান “গ্রুপঅন সার্ভিস প্রাইভেট লিমিটেড” এর চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন জানান,আমরা বিআইডব্লিউটিএ থেকে সরকারকে রাজস্ব দিয়ে চ্যানেল চার্জ উত্তোলনের বৈধ ইজারা পেয়ে কার্যক্রম পরিচালনা করে আসছি। প্রথমে খন্দকার সোহেলের সাথে তিনশত টাকার নন- জুডিশিয়ারি স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে আমার প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়োগ করা হয়।

কিন্তু খন্দকার সোহেল চুক্তিপত্র মোতাবেক নিয়ম ভঙ্গ করে আমার ইজারাপ্রাপ্ত এরিয়াতে চ্যানেল চার্জ অবৈধভাবে উত্তোলন করে। চুক্তির নিয়ম অমান্য করায় “সবুর কন্সট্রাকশন স্টীল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিডি” এর স্বত্বাধিকারী আব্দুস সবুরকে চ্যানেল চার্জ উত্তোলনের জন্য সরকারী নিয়মানুযায়ী প্রতিনিধিত্বের দায়িত্ব প্রদান করা হয়। এ কারণে রোববার সন্ত্রাসী খন্দকার সোহেল বাহিনীর সদস্যরা মাঝি-মাল্লাদের লক্ষ্য করে এ গুলি বর্ষণের ঘটনা ঘটায়।

এ বিষয়ে পদ্মা নদীর দায়িত্ব প্রাপ্ত নৌ-পুলিশের পুলিশ সুপার সোহেল রানার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিআইডব্লিউটিএ থেকে প্রাপ্ত ইজারাদার বৈধভাবে চ্যানেল চার্জ উত্তোলন করতে কোনো বাহিনী বা সন্ত্রাসী যদি চাঁদাবাজি করে সেটা সম্পূর্ণ আইন বহির্ভূত ও আজকের ঘটনার বিষয়টি তদন্ত চলমান, নদীপথে বৈধ ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতি অবৈধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।