বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের মাঠপাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ষাটোর্ধ্ব বৃদ্ধ মুনসের আলীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে। শিশুটি বাড়ির পাশের বাগানে খেলা করছিল। এ সময় অভিযুক্ত মুনসের আলী খাবারের প্রলোভন দেখিয়ে তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
পরদিন বুধবার সকালে শিশুটির শারীরিক অসুস্থতা দেখা দিলে পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা জানতে পারেন। অভিযুক্তকে প্রশ্ন করা হলে প্রথমে তিনি অস্বীকার করলেও পরে এলাকাবাসীর চাপের মুখে ঘটনা স্বীকার করেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। ভুক্তভোগী শিশুর বাবা গতকাল রোববার (৫ এপ্রিল) কুষ্টিয়া সদর থানায় মুনসের আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-০৫)।
এর আগে শনিবার রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হোসেন ইমাম জানান, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। গত রোববার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “শিশুর গুরুতর কোনো সমস্যা নেই। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে।”
ডা. হোসেন ইমাম আরও বলেন, “এ ধরনের ঘটনা রোধে পরিবারের সচেতনতার পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অত্যন্ত জরুরি।” ঘটনার পর থেকে পুরো মাঠপাড়া গ্রামে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযুক্ত মুনসের আলীর ফাঁসি দাবি করে দ্রুত বিচারের আশ্বাস চেয়েছেন। তারা বলেন, এমন জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে শিশু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলার তদন্ত ত্বরান্বিত করা হয়েছে।
