বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া ডায়বেটিস হাসপাতালে ‘ভিশন কুষ্টিয়া’র উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ভিশন কুষ্টিয়া” এর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর সাড়ো ১২ টার দিকে কুষ্টিয়া ডায়বেটিস হাসপাতালে অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তার জন্য বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। মানবিক এই কার্যক্রমে বিপুল সংখ্যক রোগী উপকৃত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন “ভিশন কুষ্টিয়া’র” প্রধান উপদেষ্টা লিনা জাকির। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন। এতে সভাপতিত্ব করেন “ভিশন কুষ্টিয়া’র সভাপতি খোন্দকার আব্দুল মজিদ ও সার্বিক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন। এছাড়া জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমনসহ ভিশন কুষ্টিয়ার নেতৃবৃন্দ ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আজকের এই মহৎ উদ্যোগ, ডায়বেটিস হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি, নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ। সামাজিক সংগঠন ভিশন কুষ্টিয়া’র মাধ্যমে যারা মানুষের কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ডায়বেটিস একটি নীরব ঘাতক রোগ, যা আমাদের সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক অসহায় ও নিম্নআয়ের মানুষ নিয়মিত চিকিৎসা ও ঔষধের অভাবে ভোগান্তির শিকার হন।
আজকের এই আয়োজন তাদের জন্য এক বড় সহায়তা, যা শুধু চিকিৎসা সহায়তাই নয়, বরং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরো বলেন, একটু সচেতন হলেই ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাবে ডায়াবেটিস একটি সাধারণ রোগে পরিণত হয়েছে। কিন্তু ডায়বেটিস নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্য গ্রহণ এবং শারীরিক ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিসকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।
সে লক্ষ্যে “ভিশন কুষ্টিয়া’র মাধ্যমে আমার সহধর্মিণী মিসেস লিনা, অসহায় মানুষকে সেবা করতে যে উদ্যোগ গ্রহণ করেছে। একজন নারী হয়ে সমাজের কল্যাণে এমন উদ্যোগকে আমি সবসময় সমর্থন করি এবং ভবিষ্যতেও পাশে থাকব। তিনি সকলকে আহব্বান জানিয়ে বলেন, আসুন আমরা যার যার অবস্থান থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।
ভিশন কুষ্টিয়া’র প্রধান উপদেষ্টা লিনা জাকির বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া ভিশন কুষ্টিয়ার পক্ষ থেকে সংগঠনের সভাপতি জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঔষধ বিতরণ কার্যক্রমে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও ডায়বেটিসসহ অন্যান্য রোগের ঔষধ প্রদান করা হয়। এ সময় রোগীদের স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শও দেওয়া হয়। পরে উপস্থিত রোগীরা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
