কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

‎ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আবাদি জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ (৩৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে. গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার সময় উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলিফ ওই এলাকার বাসিন্দা আলি আকবরের ছেলে। তবে এই মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মনে নানা রহস্য ও সন্দেহের দানা বেঁধেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ভবানীপুর এলাকায় ইদানীং বুনো শিয়ালের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে. শিয়ালের হাত থেকে জমির সবজি আবাদ, বিশেষ করে কপির কচি চারা রক্ষা করতে কৃষকরা প্রায়ই চাষের জমির চারপাশের তারের বেড়ায় রাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন। এলাকার বাসিন্দা মানিক নামের এক ব্যক্তি জানান, জমির ফসল রক্ষায় তারা প্রতিদিন রাতে তারের বেড়ায় কারেন্ট দিয়ে রাখতেন।

গতকাল সকালে সেই ফাঁদেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ‎তবে আলিফের মৃত্যুর সঠিক কারণ নিয়ে এলাকায় ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে. আব্দুল কুদ্দুস নামের আরেকজন জানান, সকালে জমিতে পানি দেওয়ার জন্য সেচ মোটর চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আলিফ। রবিউল নামের এক স্থানীয় যুবক জানান, কেউ বলছেন মোটর চালাতে গিয়ে হাত লেগেছে, আবার কেউ বলছেন শিয়ালের ফাঁদে জড়িয়ে দুর্ঘটনা ঘটেছে. তবে আমরা দেখার আগেই লাশ জমি থেকে বাড়িতে নিয়ে আসা হয়।

‎এদিকে ঘটনার পর সরেজমিনে তদন্তে গিয়ে দেখা যায়, চাষের জমি থেকে তাড়াহুড়ো করে সব বৈদ্যুতিক তার সরিয়ে ফেলা হয়েছে. মৃত্যুর পরপরই সমস্ত আলামত ও তার এভাবে গায়েব করে ফেলায় এলাকাবাসীর মনে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। ‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ (গতকাল) অসাবধানতায় নিজের ঘরের সন্তান মারা গেছে, কিন্তু এই মরণফাঁদের কারণে অন্য যেকোনো সাধারণ মানুষেরও তো প্রাণ যেতে পারত! চাষের জমিতে এভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। ‎

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন এবং ঘটনার আড়ালে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখতে বিভিন্নভাবে তদন্ত চালাচ্ছেন। আলামত সরিয়ে ফেলার বিষয়টিও পুলিশের নজরদারিতে রয়েছে বলে জানা গেছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তিনি গণমাধ্যম কর্মীদের জানান বিদ্যুৎ স্পষ্ট  হয়ে মারা গেছে তবে কিভাবে মারা গেল সেটা  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ অভিযোগ না করায় মৌখিকভাবে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর