কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হরিপুরে বাপ-ছেলের রমরমা মাদক ব্যবসার অভিযোগ

যুবসমাজ ধ্বংসের শঙ্কা

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় বাপ-ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কারবার পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ চক্রের কারণে এলাকায় মাদক সহজলভ্য হয়ে পড়েছে। ফলে যুবসমাজ বিপথগামী হচ্ছে, শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, হরিপুর এলাকার মরহুম মোস্তফা আলীর ছেলে হেবা দীর্ঘ প্রায় তিন দশক ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় গ্রামাঞ্চলে ফল বিক্রি করলেও সময়ের সঙ্গে তিনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন।

বর্তমানে তার পৈতৃক বাড়ি কাবিল চেয়ারম্যানের বাড়ির পাশে থাকলেও পরবর্তীতে মাঠপাড়া এলাকায় নতুন বাড়ি নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, হরিপুরের মাঠপাড়া এলাকার একটি বাগানবাড়িকে কেন্দ্র করে দিন-রাত সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায়। এলাকাবাসীর অভিযোগ, সেখানে নিয়মিত মাদক কেনাবেচা ও সেবনের ঘটনা ঘটে। অভিযোগের তীর উঠেছে তার ছেলে টুটুলের বিরুদ্ধেও। স্থানীয়দের দাবি, টুটুল মোটরসাইকেল ব্যবহার করে হরিপুরসহ কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকে।

তার ব্যবহৃত মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও লাইসেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এলাকাবাসীর ভাষ্যমতে, হেবা অতীতে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন। বিভিন্ন সময়ে মাদক সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও দাবি স্থানীয়দের। বর্তমানে তার ছেলে টুটুলকে এ কার্যক্রমের অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ করা হচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন পরিচয় ও প্রভাব ব্যবহার করে সামাজিকভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেন, যা অনেক ক্ষেত্রে অভিযোগের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মনে করছেন অনেকে।

এদিকে, হরিপুরের কাবিল মোড় সংলগ্ন এলাকায় মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক সহজলভ্য হওয়ায় তরুণ ও কিশোরদের একটি অংশ দ্রুত নেশার দিকে ঝুঁকে পড়ছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি সামাজিক অস্থিরতাও বাড়ছে। স্থানীয় সচেতন মহলের মতে, মাদকাসক্তি পরিবার ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে পারিবারিক অশান্তি, চুরি, সহিংসতা ও অর্থনৈতিক সংকট বাড়ছে। অনেক সম্ভাবনাময় তরুণ কর্মহীনতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এর প্রভাবে কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, পারিবারিক সহিংসতা এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায়। এলাকার নারী ও অভিভাবকদের অভিযোগ, বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে সন্ধ্যার পর নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে, এলাকায় গুঞ্জন উঠেছে যে সম্প্রতি কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে টুটুল গণপিটুনির শিকার হয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, শহরের এক উঠতি বয়সী তরুণী সেতু এলাকায় ঘুরতে গেলে তাকে উদ্দেশ্য করে অশোভন মন্তব্য করা হয়। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে হেবা ও টুটুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মতামত পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা এবং তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর