ভেড়ামারা প্রতিনিধি ॥ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)-এর প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ। গতকাল রোববার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ভেড়ামারা সমিতির সভাপতি আলিম আল রাজি বাবু, কর্নেল জহিরুল হোসেন নোভেল ও উপসচিব হুমায়ুন কবিরসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ও আধুনিকায়ন, উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকের অবকাঠামোগত উন্নয়ন এবং বাহাদুরপুর ও সাতবাড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এসব উন্নয়ন কার্যক্রমে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতা কামনা করেন ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ। মতবিনিময়কালে ভেড়ামারার স্বাস্থ্যসেবা অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন।
এর আগে কুষ্টিয়ার কৃতী সন্তান এবং ভেড়ামারা সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পাওয়ায় ভেড়ামারা সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।









