বিশেষ প্রতিনিধি ॥ স্থানীয় সরকার বিভাগের সচিবের সাথে কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষ নেতা সাক্ষাৎ করেছেন। কুষ্টিয়া এলাকায় “গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প” (রাস্তা, ব্রীজ-কালভার্ট ও হাট-বাজার) গ্রহণে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এর সাথে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সাক্ষাৎ করেন। গতকাল মঙ্গলবার ( ১৯ মে) দুপুরের দিকে রাজধানীতে স্থানীয় সরকার মন্ত্রনালয় সচিবের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাস্তা, ব্রীজ-কালভার্ট এবং হাট-বাজার সংস্কার ও উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবিতে স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতা জাকির হোসেন সরকার। এ সময় স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়া জেলার গ্রামীণ জনপদের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে বলেন, জেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।
বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া বহু স্থানে জরাজীর্ণ ব্রীজ ও কালভার্টের কারণে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে স্থানীয় হাট-বাজারগুলোর আধুনিকায়ন ও সংস্কার অত্যন্ত জরুরি। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা কামনা করা হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উন্নয়ন প্রকল্প গ্রহণের আশ্বাস প্রদান করেন।
