কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সীমান্তে ভারতীয় মাদক ও পণ্য জব্দ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫১ লাখ ৪৫ হাজার ১৯০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির আওতাধীন আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মঞ্জু মাতবর (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ৪ হাজার ৬০০টি সিপ্রোহেপ্টাডিন ও ৯০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ করা এসব মাদকের আনুমানিক মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি আরও জানায়, একই দিনে রাত সাড়ে ১১টায় পশ্চিম ধর্মদাহ বিওপির আওতাধীন পশ্চিম ধর্মদাহ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল মদ, ৪ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট, ৯১০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৫৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৪ লাখ ৮৩ হাজার ৬৯০ টাকা।

এ ছাড়া মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মথুরাপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৪১/এমপি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে মথুরাপুর মাঠে অভিযান চালিয়ে ৬ বোতল মদ ও ৩ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ছয় লাখ ৯ হাজার টাকা। পৃথক অভিযানে, বুধবার ভোর ৪টার দিকে বিলগাথুয়া বিওপির আওতাধীন বিলগাথুয়া মাঠ থেকে ২৭ বোতল মদ, ৯৯৫টি ডেক্সামেথাসন ও ৫০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসবের আনুমানিক মূল্য ৪ লাখ ৮৯ হাজার টাকা। একই সময়ে আশ্রায়ন বিওপির আওতাধীন পুরাতন ঠোটারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬ হাজার ৬০০ টাকা। পরে ভোর ৫টার দিকে ঠোটারপাড়া বিওপির আওতাধীন পাকুরিয়া মাঠে অভিযান চালিয়ে ৩ বোতল মদ, ফেয়ারডিল সিরাপের একটি বোতল, স্কাপ সিরাপের ৪টি বোতল, জেরিস্কাহ সিরাপের একটি বোতল, ১০০টি ডেক্সামেথাসন ও ৯০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬ হাজার ৯০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর