কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।

 

গতকাল রোববার (১৫ নভেম্বর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল খান রনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৫ নভেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা হাড়াভাঙ্গা মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।

 

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ এবং ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা।

 

অপরদিকে, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠ নামক স্থানে অন্য একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।

 

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ, ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৬০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩০ পিস চকলেট বাজি এবং ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা।

 

পৃথক অভিযানে মোট ১৫ লাখ ৬৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রেখেছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর