কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাংলাদেশ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ॥ দেশের বিভিন্ন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (২৯ আগস্ট) ঢাকার ডেমরায় মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে সারাদেশ থেকে আগত পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল আহ্বায়ক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের ও পাবনা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব আলম যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্যরা হলেন, খুলনা মেট্রো পুলিশ লাইনস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম, গাইবান্ধা পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক মো. সামছুল আলম দুলাল, পিরোজপুর পুলিশ লাইনস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ওহিদুজ্জামান শেখ, কিশোরগঞ্জ পুলিশ লাইনস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহার খানম মাসুমা এবং গাজীপুর পুলিশ লাইনস হাই স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন। অনুষ্ঠানের শুরুতে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শাহজালাল বক্তব্য দেন।

তিনি বলেন, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজগুলো বাংলাদেশ পুলিশ পরিচালনা করলেও শিক্ষক-কর্মচারীদের চাকরির সুরক্ষায় এখন পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্স থেকে কোনো সার্বজনীন নীতিমালা প্রণয়ন করা হয়নি। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে দেশের সব পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের জন্য একটি সার্বজনীন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। শাহজালাল বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে দেশের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজগুলো ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে শীর্ষ অবস্থানে রয়েছে।

বাংলাদেশ পুলিশের পরিচালনায় এসব শিক্ষা প্রতিষ্ঠান দেশসেরা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তিনি পুলিশ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান। বাংলাদেশ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্বোধনী আয়োজনে সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, পাবনা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুব আলম এবং খুলনা মেট্রো পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর