কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে কুষ্টিয়ায় প্রযুক্তিবিদ সুফি ফারুকের ব্যতিক্রমী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে কুষ্টিয়ার কুমারখালীতে এক ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ ও সমাজসেবক সুফি ফারুক ইবনে আবুবকর।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে উপজেলার বাঁশগ্রাম বাজার, কুশলীবাসা বাজার, ধলনগর, জুলঙ্গী, পান্টি বাজার এবং মধুপুর বাজারসহ বিভিন্ন ইউনিয়নের জনসমাগমস্থলে তিনি এই সচেতনতামূলক প্রচারণা চালান। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

ভোটারদের অভয় দিয়ে প্রচারণাকালে সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, “আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। জনগণ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তবে আমি শুনতে পেরেছি, কিছু জায়গায় লিফলেট বিতরণ করা হচ্ছে এবং ভীতিকর পরিস্থিতি তৈরি করে জনগণকে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে।”

কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “এসব অপতৎপরতা চালিয়ে দিনশেষে কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে এ ধরনের যেকোনো অপচেষ্টা রুখতে প্রশাসন চরম শক্ত ভূমিকায় থাকবে। পছন্দের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে চমৎকার ও নিরাপদ পরিবেশ বিরাজ করবে। ভোটাররা নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।”

এই প্রচারণায় নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “এখানে কোনো ব্যক্তি বা মার্কা আলাদা করে গুরুত্ব পাচ্ছে না। আমাদের আজকের প্রচারণার মূল উদ্দেশ্যই হলো সাধারণ ভোটারদের মনে সাহস জোগানো এবং তাদের ভোটদানে উৎসাহিত করা।”

কুষ্টিয়ার কৃতি সন্তান সুফি ফারুক ইবনে আবুবকর দেশের একজন স্বনামধন্য তথ্যপ্রযুক্তি পরামর্শক, কারিগরি শিক্ষা উদ্যোক্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং জনপ্রিয় লেখক। তিনি ‘দৈনিক খবরওয়ালা’সহ একাধিক গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদক।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী সুফি ফারুক আন্তর্জাতিক পেশাজীবী সার্টিফিকেশন কর্তৃপক্ষ হতে একজন সার্টিফায়েড প্রফেশনাল ও অডিটর। দীর্ঘদিন দেশি-বিদেশি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

এছাড়াও তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স-এর সম্মানিত পরিচালক এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ; কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম এই সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ উদ্যোগের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর